থমাস ডুলির কোচিং স্টাফে আরও তিন বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ০৩ আগস্ট ২০২৬
থমাস ডুলির কোচিং স্টাফে আরও তিন বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

রেইনহার্ড স্টাম্পফ, নগুয়েন হোয়াং লান এবং ক্রিস্তিয়ান বারবুশচাক (বাঁ থেকে)

বাংলাদেশ ফুটবলে প্রধান কোচ থমাস ডুলিকে নিয়োগ দেওয়ার পর পাল্টে যাচ্ছে পরিবেশ। সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে কোচিং স্টাফে আরও তিন বিদেশি কোচ যুক্ত হরছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের মধ্যে দু’জন সহকারী এবং বাকি একজন গোলকিপিং কোচ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাফুফে’র জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি এক বছরের জন্য অ্যাসাইনমেন্টভিত্তিক চুক্তিতে এই তিন কোচকে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছেন।

তারা হলেন- জার্মানির দুইজন রেইনহার্ড স্টাম্পফ ও ক্রিস্তিয়ান বারবুশচাক এবং ভিয়েতনামের নগুয়েন হোয়াং লান।

প্রধান কোচ থমাস ডুলির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রেইনহার্ড স্টাম্পফ ও নগুয়েন হোয়াং লান এবং ক্রিস্টিয়ান বারবুশচাক গোলরক্ষক কোচ হিসেবে যোগ দেবেন।

তিনজনের মধ্যে উয়েফা প্রো লাইসেন্সধারী রেইনহার্ড স্টাম্পফ সবচেয়ে অভিজ্ঞ। তিনি সৌদি আরবের একাধিক ক্লাব- আল হিলাল, আল দ্রাইহ, আল শাবাব ও ইত্তিফাক এফসির প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।

এছাড়া তিউনিসিয়া ও তুরস্কের ক্লাবেও কোচিং করিয়েছেন এবং জার্মানির তৃতীয় বিভাগের ক্লাব ওয়াকার বুর্গহাউজেনেরও দায়িত্ব পালন করেছেন রেইনহার্ড স্টাম্পফ।

অন্যদিকে, এএফসি ‘সি’ লাইসেন্সধারী নগুয়েন হোয়াং লান গায়ানা ফুটবল ফেডারেশনে সহকারী কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পিইএসএ (PESA) সনদপ্রাপ্ত এই বিশ্লেষক গায়ানার সিনিয়র জাতীয় দলের স্কাউটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ক্রিস্টিয়ান বারবুশচাক ২০০৩ থেকে ২০২৬ সালের মধ্যে জার্মানির নিম্ন বিভাগের বিভিন্ন ক্লাবের পাশাপাশি আইসল্যান্ড ও অস্ট্রেলিয়ার শীর্ষ লিগের ক্লাবগুলোতে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন।

কোচিংয়ে আসার আগে ১৯৮৩ থেকে ১৯৯৯ সালের মধ্যে তিনি জার্মানি, স্লোভাকিয়া, ইতালি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাব এবং বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন।

সবকিছু ঠিক হওয়ায় এখন নিজেদের মাঠে সাফকে সামনে রেখে তিন বিদেশি কোচ পাচ্ছে বাংলাদেশ। জানা গেছে, দেশের মধ্য থেকে আরও দু’জন সহকারী কোচ চেয়েছেন থমাস ডুলি।



শেয়ার করুন :