বিশ্বাস হারিয়েছে ইনফান্তিনো, পদত্যাগ চায় নরওয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৭ আগস্ট ২০২৬
বিশ্বাস হারিয়েছে ইনফান্তিনো, পদত্যাগ চায় নরওয়ে

ছবি- এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

বেসরকারী বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রির ব্যর্থ প্রচেষ্টার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবিলম্বে পদত্যাগ চায় নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একের পর এক বিতর্কের পর ইনফান্তিনোর নেতৃত্বের উপর আর কোনো আস্থা নেই বলে জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন বোর্ডের (এনএফএফ) সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী সপ্তাহে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়ে ইনফান্তিনোর পদত্যাগ দাবি জানাবে নরওয়ে।

সংবাদ মাধ্যমে এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বলেন, “ইনফান্তিনোর উপর এখন আর কোনো আস্থা নেই। গত কয়েক বছর ধরে আমরা ধারাবাহিকভাবে উদ্বিগ্ন ছিলাম এবং পরিস্থিতি প্রতিনিয়ত আরও খারাপ হয়েছে। এখন আমাদের বিশ্বাস পুরোপুরি শেষ হয়ে গেছে। তার জন্য আর ফিরে আসার কোনো পথ নেই।”

তিনি আরও বলেন, “বিশ্ব ফুটবল এখন বিভক্ত এবং এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। তাই আমরা চাই তিনি অবিলম্বে পদত্যাগ (জিয়ান্নি ইনফান্তিনো) করুক, যাতে বৈশ্বিক ফুটবল সম্প্রদায় নতুন নেতৃত্বে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।”

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্দেশ্যে ইনফান্তিনোর ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পকে ঘিরেই সর্বশেষ বিতর্কের সৃষ্টি হয়েছে। নরওয়ের মতে, এই উদ্যোগ ফিফার সুশাসন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

এর আগেও ২০২৩ সালে ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন দেয়নি নরওয়ে। তবে তিনি নির্বাচিত হওয়ার পর সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা করেছিল দেশটি।

ক্লাভেনেসের ভাষায়, “আমরা আশা করেছিলাম তিনি যে সংস্কারের কথা বলেছিলেন তা বাস্তবায়ন করবেন। কিন্তু তিনি তা করেননি। তাই এখন আমরা তার পদত্যাগ চাইছি।”

শুধু পদত্যাগের দাবিই নয়, নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার নৈতিকতা কমিটির কাছেও নতুন করে তিনটি বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বিতর্ক, ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘পিস প্রাইজ’ প্রদান, এবং সাম্প্রতিক বিশ্বকাপে ফোলারিন বালোগুন-সংক্রান্ত ঘটনা।

এ অভিযোগে আরও কয়েকটি প্রভাবশালী জাতীয় ফুটবল ফেডারেশনকে সঙ্গে নেওয়ারও চেষ্টা করছে নরওয়ে। দেশটির এমন অবস্থান ফিফার বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে চাপ আরও বাড়াবে।


বিষয়ঃ

শেয়ার করুন :