ব্যাডমিন্টনে বাংলাদেশের ঐতিহাসিক এক দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫
ব্যাডমিন্টনে বাংলাদেশের ঐতিহাসিক এক দিন

বাংলাদেশের ব্যাডমিন্টনে এমন দিন আগে আসেনি। আন্তর্জাতিক কোনো আসরে চার জুটির কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়া এবারই প্রথম। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে পুরুষ দ্বৈতে প্রি-কোয়ার্টার থেকে কোয়ার্টারে উন্নীত হয়েছে স্বাগতিক দলের চার জুটি।

নিজ নিজ খেলায় জয় লাভ করে শেষ আটে পা রেখেছেন- আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল, রিয়াদুল ইসলাম-তনয় সাহা, তানভীর-আহমেদ- গৌরব সিংহ এবং মো. নাঈম- মিজানুর রহমান জুটি।

বুধবার (২৪ ডিসেম্বর) পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। একই ভেন্যুতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন তারা। পদকের চোখ রাখছেন স্বাগতিক দলের শাটলাররা।

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশ নেন লাল-সবুজের শাটলাররা। সেখানে মিশ্র দ্বৈতে ইতিহাস রচিত হয়। প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে ফাইনাল খেলেন আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি তারা। রুপা জিতে সন্তষ্ট থাকেন।

চ্যালেঞ্জের মতো সিরিজেও থাকছে পদক জয়ের হাতছানি। বাংলাদেশের চার জুটির মধ্যে যদি একটিও সেমিতে উন্নীত হয় তাহলে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যাবে। তবে ব্রোঞ্জ নয়, চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করতে চান স্বাগতিক শাটলাররা।

সকাল থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ ও নারীদের দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়। প্রি-কোয়ার্টার ফাইনালের খেলায় স্বাগতিক রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি ইরানের মেহেদী আনসারী ও আমিন হোসেন জুটিকে ১৭-২১, ২১-১৪ ও ২১-১৯ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে।

বাংলাদেশের তানভীর আহমেদ ও গৌরব সিংহ জুটি স্বদেশি আকিব সুলাইমান ও শুভ খন্দকার জুটিকে ২৪-২২ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে।

এছাড়া নাইম ও মিজান জুটি ভিয়েতনামের ডংখে ডংখা ও ট্রান হং খা জুটিকে ২২-২৪, ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। দিনের শেষে আল আমিন ও মোয়াজ্জেম হোসেন জুটি ইরানের আমির হোসেন আজমলো ও সাইদ আরমিন জাকি জুটিকে ২১-১১ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন।

তবে হতাশ করেছে মেয়েদের জুটি। দেশের ঘরোয়া আসরে এক নম্বর শাটলার নাছিমা খাতুন ও দুই নম্বর র‌্যাংকিংয়ে থাকা উর্মি আক্তারের জুটি হেরে বিদায় নিয়েছেন। থাইল্যান্ডের প্রতিযোগির কাছে ১৮-২১, ২১-১৯ ও ২১-৮ পয়েন্টের ব্যবধানে হারেন তারা।

ম্যাচশেষে দ্বৈতে বাংলাদেশের টপ সিডেড আল-আমিন জুমার বলেন, মিশ্র দ্বৈতে ঊর্মিকে নিয়ে ফাইনালে উঠেছিলাম। চ্যালেঞ্জে দ্বৈতে রেজাল্ট ভালো হয়নি, আমার পার্টনার (অহিদুল) ইনজুরিতে পড়ায়। তবে সিরিজে যেহেতু কোয়ার্টারে উঠে এসেছি। চ্যাম্পিয়ন হয়ে থামতে চাই। অহিদুল আজও কিছুটা ইনজুরি নিয়ে খেলেছে। ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

জুটির সুরে সুর মেলান অহিদুল। বলেন, সিরিজে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তার জন্য সব ধরনের চেষ্টা আমরা করে যাব। প্রতিপক্ষ যেই আসুক নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে খেলতে চাই।



শেয়ার করুন :