ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল গ্র্যান্ড ফিনালেতে লক্ষ্মীপুরের দুই শিক্ষার্থী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ পিএম, ২১ নভেম্বর ২০২৬
ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল গ্র্যান্ড ফিনালেতে লক্ষ্মীপুরের দুই শিক্ষার্থী

আন্তর্জাতিক ইংরেজি ভাষাভিত্তিক প্রতিযোগিতা ‘ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল গ্র্যান্ড ফিনালে ২০২৬’-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দু’জন কৃতী শিক্ষার্থী। তাদের একজন মেহনুবা সাবাতুম আরিশা এবং অপরজন রুপাইতা আলম জেরিন।

‘ইংলিশ অলিম্পিয়াড সিজন ৫’-এর ‘ন্যাশনাল থিয়েটার রাউন্ডে’ তারা নির্বাচিত হয়ে আন্তর্জাতিক পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে তারা জুনিয়রস গ্রুপে অংশগ্রহণ করবে।

তাদের এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুরের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।অভিনন্দন বার্তায় বলেন, মেহনুবা ও রুপাইতার এ অর্জন তাদের মেধা, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি।

তিনি আরও বলেন, এটি শুধু তাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের একার জন্য নয়, বরং রামগতি উপজেলা এবং সমগ্র লক্ষ্মীপুর জেলার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

আশা প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দুই শিক্ষার্থী তাদের মেধা, যোগ্যতা ও অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তাদের এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীকেও জ্ঞানচর্চা, ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

মেহনুবা সাবাতুম আরিশা ও রুপাইতা আলম জেরিনের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য এবং প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জন কামনা করেন হুইপ। একই সঙ্গে ওই শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে বলে প্রত্যাশা করেন তিনি। -বাসস


বিষয়ঃ

শেয়ার করুন :