ল্যাবএইডে বিশেষ সুবিধা পাবেন ক্রীড়া কার্ডধারীরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২২ নভেম্বর ২০২৬
ল্যাবএইডে বিশেষ সুবিধা পাবেন ক্রীড়া কার্ডধারীরা

দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধায় ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

রবিবার (২২ নভেম্বর) এনএসসি এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং CT Scan, MRI, ECG, Echo, ETT, Ultrasonogram -সহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও ছাড় থাকবে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ক্ষেত্রে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগী ও Chemo Day-care-এর বেড চার্জে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া LifePlus Bangladesh Limited-এর মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা এবং ওষুধ বাসায় পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে গ্রহণ করতে পারবেন।

এর মাধ্যমে ক্রীড়াবিদদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে টেলিমেডিসিন সেবা তাদের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করবে।


বিষয়ঃ

শেয়ার করুন :