ঢাকার পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬। ১০ জুন থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ।
ঢাকায় এর আগেও তিন বার আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের আসর বসেছে। তবে পেছনের সব কটি আসর ছাপিয়ে যাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে হবে সেমি-ফাইনাল। আসরের ফাইনাল হবে ১৪ জুন।
এছাড়া অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি পরবে চ্যাম্পিয়নের মুকুট।
বিশ্বজুড়ে হ্যান্ডবলের মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন পুরো এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক জোনে বা অঞ্চলে ভাগ করেছে।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত হয়েছে এশিয়ান জোন-২। এই জোনের অধীনে বিভিন্ন টুর্নামেন্টের অন্যতম এবারের বয়সভিত্তিক আইএইচএফ ট্রফি। এই জোনে চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তী সময়ে পুরো এশিয়া মহাদেশের মূল পর্বে কন্টিনেন্টাল ফেসে খেলার সুযোগ পাবে।
প্রতিযোগিতা উপলক্ষ্যে রোববার (৬ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, স্পনসর প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, অ-১৮ দলের ম্যানেজার কামরুল ইসলাম, অ-২০ দলের ম্যানেজার মোহাম্মদ সেলিম মিয়া, টুর্নামেন্ট কো-অর্ডিনেটর রাশিদা আফজালুন নেসা উপস্থিত ছিলেন।
