‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) শুরু করেছে উত্তরা ইউনিভার্সিটি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, বিভিন্ন অনুষদের শিক্ষক ও উচ্চশিক্ষার নানা সুযোগ-সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা এ কার্যক্রম উদ্বোধন করেন। ১১ ডিসেম্বর শুরু হয়ে ১৬ দিনব্যাপী চলবে এই ভর্তি মেলা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান ও ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রতিফলন।
ক্যাম্পাসে এসে সুযোগ-সুবিধা ঘুরে দেখতে ও বড় অর্জনের পথে প্রথম পদক্ষেপ নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানান তিনি। অভিভাবকদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিষয়ে খোঁজ-খবর রাখতে ও যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। সন্তানের পাশে থাকা এবং পারস্পরিক পরামর্শ আদান-প্রদানের আশ্বাসও দেন তিনি।
বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুবিধা দিচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সক্ষম করার পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হওয়াই তাদের লক্ষ্য।
অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ জানান, এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার তাদের একটি ঐতিহ্য। আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে কাজ করার পাশাপাশি স্থায়ী ক্যাম্পাসের পরিবেশ, সুবিধা ও যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন শিক্ষার্থীদের জানানো এবং একই ছাদের নিচে ভর্তি কার্যক্রম সহজ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজকদের তথ্যমতে, মেলায় ৫টি স্কুলের অধীনে ১৪টি বিভাগের আলাদা স্টল রাখা হয়েছে। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টলও রয়েছে। মেলা উপলক্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পাবেন ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ, তাৎক্ষণিক ভর্তির ‘ওয়ান-স্টপ সলিউশন’ সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রী।
মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকরা স্টলে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক ও গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাস সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
(সংবাদ বিজ্ঞপ্তি)
