অস্ট্রিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জ ট্রফি’ জিতলো বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে টানটান উত্তেজনাকর ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ গোল ব্যবধানে হারিয়ে দিয়েছে মেহেরাব হাসান সামিনের দল।
এ জয়ে টুর্নামেন্টে ১৭তম স্থান অর্জন করেছে সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। বিশ্বকাপ কোয়ালিফাই করতে না পারা আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে। যেখানে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
এ আসরে ছয় ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। মোট ১৭ গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি।
৫-৪ স্কোরে জয়ের ম্যাচে ৩৫তম মিনিট পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ছিল ৩-০ গোলে। ১৫তম মিনিটে আমিরুল ও ২৭তম মিনিটে লক্ষ্যভেদ করেন হুজায়ফা হোসেন। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। এর কিছুক্ষণ আগে পেনাল্টি কর্নার থেকে তার নেওয়া হিট বোর্ডে যায়নি।
দ্বিতীয় গোলটিও ছিল পেনাল্টি কর্নার থেকে। ৩৫তম মিনিটে রকিবুল হাসানের ফিল্ড গোল ৩-০’তে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৪৪তম মিনিটে এক গোল ফেরায় অস্ট্রিয়া। ৫০তম মিনিটে আমিরুলের গোলে আবারও ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের ৫১তম মিনিটে বেনজামিন কেলনার ফেরান এক গোল। তবে ৫২তম মিনিটে আমিরুলের তৃতীয় গোলে বাংলাদেশের লিড ছিল ৫-২। শেষ তিন মিনিটে দুই গোল ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেও আর জেতা হয়নি অস্ট্রিয়ার।
এর আগে কোয়ার্টার ফাইনালে ওমানকে ১৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ। এরপর সেমি-ফাইনালে ৫-৩ গোলে হারায় শক্তিশালী দক্ষিণ কোরিয়া হারিয়ে আজ অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি।
