২০২৩ সালের পর আবারও মাঠে গড়াচ্ছে ঘরোয়া হকি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'প্রথম বিভাগ হকি লিগ'। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে নবগঠিত প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকি খেলা মাঠে ফেরাতে প্রতিটি ক্লাবকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও প্রথম বিভাগ লিগ কমিটির চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় প্রথম বিভাগ হকি লিগের ও ফেডারেশনের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিগত দিনে বিভিন্ন কারণে ক্লাবগুলোর মাঝে খেলতে অনীহা দেখা দিলেও বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম ডাকেই ক্লাবগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। ক্লাবগুলোর পক্ষ থেকে প্রতিটি দলকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের দাবি জানানো হয়েছিল। হকিকে মাঠে ফেরাতে বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রতিটি ক্লাবকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
ফেডারেশনের এই আন্তরিক প্রস্তাবে আশ্বস্ত হয়ে লিগে অংশগ্রহণকারী ১১টি ক্লাবই খেলায় ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সভায় ৬ ও ৭ সেপ্টেম্বর লিগের খেলোয়াড় দলবদলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ সেপ্টেম্বর থেকে খেলা মাঠে গড়াবে।
এবারের লিগের উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ হলো- দলীয় স্কোয়াডে প্রতিটি ক্লাব সর্বমোট ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। তবে থাকছে না বিদেশি খেলোয়াড়। স্থানীয় খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি ও নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এবারের লিগে কোনো বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন না।
