তীর এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০২৫ প্রতিযোগিতায় সোমবার রিকার্ভ মহিলা এককে আলো ছড়িয়েছেন বাংলাদেশের চার আরচ্যার। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন সবাই।
সোনালি রায় ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৭, ২৫-২৫, ২৮-২৫, ২৭-২৯, ২৬-২৬) কাজাখস্তানের দিয়ানা তুরসুনবেককে হারিয়েছেন। এছাড়া সীমা আক্তার শিমু ৬-৪ ব্যবধানে (২৬-২৯, ২৬-১৫, ২৪-২০, ২৩-২৬, ২১-২৬) কাজাখস্তানের ইয়েলিজাভেতা আভদিয়েভাকে হারিয়েছেন।
ইতি খাতুন ৬-৪ সেট পয়েন্টে (২৪-২৮, ২৯-২৬, ২৭-২১, ২৬-২৮, ২৮-২৬) মালয়েশিয়ার মাশাইখ সায়েকিয়েরার বিপক্ষে নিজের জয় তুলে নিয়েছেন। আর মনিরা আক্তার ৭-৩ সেট পয়েন্টে (২৬-২৯, ২৭-২৪, ২৪-২৬, ২৬-২৬, ২৩-৩০) চীনের কাই উফেংকে হারিয়ে দিয়েছেন।
এখন ১/১৬-এর লড়াইয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) সোনালি দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির, শিমু ভারতের অঙ্কিতা ভাকাত, ইতি ভারতের অংশিকা কুমারির এবং মনিরা মালয়েশিয়ার মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার মুখোমুখি হবেন।
সাফল্যের ধারাবাহিকতায় থাকার লক্ষ্য নিয়ে ইতি খাতুন বলেন, “আমাদের সবাই ভালো করেছে, সবার মধ্যেই আত্মবিশ্বাস ছিল ভালো করার। আমরা কেউ কোনো চাপ নেইনি। নিজেদের মাঠে খেলা। ফেডারেশনের পক্ষ থেকেও আমাদের কোনো চাপ দেওয়া হয়নি পদকের জন্য। আমরা খেলা উপভোগ করতে চেয়েছি। সামনের রাউন্ডগুলোতে একই সাফল্যের ধারায় থাকতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।”
রিকার্ভ পুরুষ এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া রাকিব মিয়া চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে ৬-৪ সেট (২৫-২৬, ২৬-২৬, ২৮-২৭, ২৮-২৮, ২৭-২৯) পয়েন্টে হারিয়ে ১/১৬-তে উত্তীর্ণ হয়েছেন। সেখানে তার প্রতিপক্ষ ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে।
এই ইভেন্টে ‘বাই’ পেয়ে ১/২৪-এর মঞ্চে ওঠা আব্দুর রহমান আলিফও দারুণ লড়াইয়ের পর মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দির বিপক্ষে ৬-৫ ব্যবধানে (২৭-২৯, ২৭-২৭, ২৫-২৭, ৩০-২৮, ২৯-২৩) হারিয়ে ১/১৬-তে উঠেছেন। ১/৮-এর মঞ্চে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার জ্যাং জিহো।
