ভারতের কাছে হারলো বাংলাদেশ, রুপাতেই খুশি বন্যা-হিমু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
ভারতের কাছে হারলো বাংলাদেশ, রুপাতেই খুশি বন্যা-হিমু

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস ২০২৫-এর কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের কাছে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি ১৫৩-১৫১ স্কোরে হেরে রুপা জিতেছে। ফাইনালে ভারতের কাছে হারলেও এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবারের মতো পদক পেল বাংলাদেশ।

বুধবার (১৩ নভেম্বর) বনানীর আর্মি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে রুপা পেয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের হয়ে খেলেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়েছেন দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি।

এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এটাই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে রুপা হলো দুটি। ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বাংলাদেশকে প্রথম রুপা পেয়েছিল বাংলাদেশ।

এশিয়ান আর্চারির সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে বাংলাদেশের পদক হলো ৪টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ।

স্বর্ণ জয়ের সুযোগ পেলেও সফল হতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে বন্যা আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ। এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে… আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্যে আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।”

হিমু বাছাড় বলেন, “এই প্রথম আমি এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসে খেললাম। আমি আসলে ওই রকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আরচ্যারীতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।”



শেয়ার করুন :