বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশীপ। এবারের আসরে সর্বোচ্চ ৭১টি দল অংশ নিচ্ছে।
চ্যাম্পিয়নশীপ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরচ্যারি ফেডারেশনের সভাপতি ড. মো. মোখলেস উর রহমান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ এ কে এম শহীদুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।
টঙ্গীস্থ আরচ্যারি প্রশিক্ষণ একাডেমিতে ২১-২৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো আরচ্যারদের জন্য প্রাইজ মানি রাখা হয়েছে।
একক ইভেন্টে স্বর্ণ জয়ী আরচ্যার পাবেন ৫০ হাজার টাকা। এছাড়া রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ী আরচ্যাররা পাবেন যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা।
রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ১০টি ইভেন্টে মোট ২১০ জন আরচ্যার অংশ নিচ্ছেন। এর মধ্যে রিকার্ভ ডিভিশনে পুরুষ ১০৫ জন ও নারী ৫৪ জন এবং কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ২৭ জন ও নারী আরচ্যার রয়েছেন ২৪ জন। খেলোয়াড়, কর্মকর্তা ও টেকনিক্যাল অফিসিয়াল মিলে প্রায় ৪০০ জনের অংশগ্রহণে এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে।
