রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো ৫৩তম গ্রীষ্মকালীন উপ-অঞ্চল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
