রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হচ্ছে সোমবার (৫ অক্টোবর)। রাজশাহী টেনিস কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেবে।
শনিবার রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন।
টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি সম্পর্কে হাসিনুর রহমান টিংকু জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন হবে। ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খেলা দেখার জন্য দর্শকদের কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। শিশু ও কিশোরদের টেনিসের প্রতি আগ্রহ বাড়াতে রাজশাহী মহানগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্যানুযায়ী, বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।
বালকদের মধ্যে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১ হাজার ৫৯। বালিকাদের মধ্যে শীর্ষ র্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ২ হাজার ৪৫।
টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় বাছাইপর্ব এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন। রাজশাহীর মোট পাঁচজন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেবেন। তাঁদের মধ্যে মূল পর্বে খেলবেন রাকিন রহমান ও বকুল আলী। এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে।
বিদেশি খেলোয়াড়, কোচ, অভিভাবক ও কর্মকর্তাদের থাকার জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। এসব হোটেল ও মোটেল থেকে টেনিস কমপ্লেক্সে যাতায়াতের জন্য সার্বক্ষণিক দু'টি মাইক্রোবাসের ব্যবস্থা রাখা হয়েছে।
টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জি। তিনি বলেন, রাজশাহীতে এই আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের অংশ হতে পেরে তিনি আনন্দিত। এটি তাঁর দশম টুর্নামেন্ট। আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা মেনে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।
আয়োজকেরা বলেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসার ঘটানোর পাশাপাশি দেশি-বিদেশি খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মিডিয়া কমিটির সদস্য শ.ম. সাজু, পরিচালনা কমিটির সদস্য আক্কাস আলী এবং টেনিস কমপ্লেক্সের জ্যেষ্ঠ সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ।

মো. ফয়সাল আলম