রাজশাহীতে গ্রীষ্মকালীন উপ-অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৪৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গ্রীষ্মকালীন উপ-অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন উপ-অঞ্চল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বালকদের কাবাডিতে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন ও রাজশাহী রানারআপ, বালিকাদের কাবাডিতে জয়পুরহাট চ্যাম্পিয়ন ও নওগাঁ রানারআপ, বালকদের হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন ও রাজশাহী রানারআপ, বালিকাদের হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন ও জয়পুরহাট রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করে।

বড় বালকদের সাঁতারে পাবনা ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ ১৫ পয়েন্ট পেয়ে রানারআপ, মধ্যম বালকদের সাঁতারে চাঁপাইনবাবগঞ্জ ১৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বগুড়া ১৩.৫ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করে।

বড় বালিকাদের সাঁতারে বগুড়া ২১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ২০ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করে। মধ্যম বালিকাদের সাঁতারে বগুড়া ১৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ ১৫ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করে।

বড় বালকদের দাবায় বগুড়া চ্যাম্পিয়ন, নাটোর রানারআপ, মধ্যম বালকে পাবনা চ্যাম্পিয়ন ও রাজশাহী রানারআপ, বড় বালিকায় রাজশাহী চ্যাম্পিয়ন ও নওগাঁ রানারআপ, মধ্যম বালিকায় জয়পুরহাট চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ- পরিচালক মোহা. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর মো. হুমায়ুন কবীর ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :