আশিকুরের শতকে ঢাকার সংগ্রহ ২৮২ রান

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৬
আশিকুরের শতকে ঢাকার সংগ্রহ ২৮২ রান

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে আশিকুর রহমানের শতকে ৭ উইকেটে ২৮২ রান সংগ্রহ করেছে ঢাকা বিভাগ। ফলে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম বিভাগের চেয়ে ৬ রানে পিছিয়ে রয়েছে ঢাকা, তবে হাতে রয়েছে ৩টি উইকেট।

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ২৮৮ রানে অলআউট হয়েছিল। জবাবে রবিবার (১৫ নভেম্বর) আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নিয়ে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ঢাকা।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আদিল বিন সিদ্দিক ও আনিসুল ইসলাম ঈমনের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৫০ রানে। ব্যক্তিগত ৩৩ রানে সানজিদের বলে সাব্বিরের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরেন আদিল।

অপর ওপেনার আনিসুল মাত্র ৮ রান যোগ করে ব্যক্তিগত ২৬ রানে ফিরেন। সানজিদের বলে ইরফান সাব্বিরের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি।

তিন নম্বরে ব্যাট করতে এসে দলের হাল ধরেন আশিকুর রহমান। রানের চাকা সচল রেখে শতক হাঁকান তিনি। ২৯০ মিনিট ক্রিজে থেকে ১৯০ বল মোকাবেলা করে ২টি ওভার বাউন্ডারি ও ১১ টি বাউন্ডারির সাহায্যে ১০৫ রান সংগ্রহ করে আশিকুর। তবে ইফরানের করা বলে নাঈমের হাতে ক্যাচবন্দি হন তিনি।

এছাড়া ঢাকার পক্ষে ফয়সাল ২৭, তাইবুর ৫, মাহফুজুর রহমান ১৭ রান করেন। ঢাকার অধিনায়ক মার্শাল আইয়ুরের ব্যাট থেকে আসে ৩০ রান। দিন শেষে সুমন খান ২৩ ও ইয়াসমিন হোসেন ৬ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে সানজিদ মজুমদার ৬৮ রানে ৩ উইকেট দখল করেন। এছাড়া হাসান মুরাদ ৬৫ রানে ২ উইকেট, ইফরান হোসেন ৫৪ রানে এবং আশরাফুল ২৮ রানে ১টি করে উইকেট শিকার করেন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :