জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে শুরুর বিপর্যয়ে পড়লেও তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিয়ে ৬ উইকেটে ৩২৭ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে বাংলাদেশ। হৃদয় ১৩৭ রানে ফিরলেও ৯২ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস।
দলীয় ২২ রানে ৩ এবং ১২১ রানে পঞ্চম উইকেট হারানোর পর হৃদয়-লিটনের পারফরম্যান্সে ভর করে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের সর্বোচ্চ টেস্ট সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৩২০ রানে অলআউট হওয়া ছিল, যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল।
চতুর্থ উইকেট জুটিতে ২০৬ রানের এক অসাধারণ জুটি গড়েন হৃদয়-লিটন। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগের রেকর্ডটি ছিল ১৩৮ রানের, যা ২০২৪ সালে মিরপুরে গড়েছিলেন জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিপক্ষে বল হাতে কাগিসো রাবাদা দিনের খেলা শেষে ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেন তুলে নেন হৃদয়ের গুরুত্বপূর্ণ উইকেটটি। হৃদয়ের বিদায়ের মধ্য দিয়ে তার ও লিটনের মধ্যকার চমৎকার জুটির সমাপ্তি ঘটে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ দলের জন্য প্রথম ঘণ্টাতেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন কাগিসো রাবাদা। নতুন বল হাতে রাবাদার বিধ্বংসী বোলিংয়ের সামনে কোনো জবাবই ছিল না বাংলাদেশি ব্যাটারদের। রাবাদার তোপে নবম ওভারের মধ্যেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
লম্বা গড়নের এই পেসার ইনিংসের প্রথম বলেই আঘাত হানেন, যা মাহফিজুল ইসলাম রবিনকে তার অভিষেক টেস্টে এক দুঃস্বপ্নের অভিজ্ঞতার মুখোমুখি করে। অফ-স্টাম্পের সামান্য বাইরে চমৎকার সুইং করানো বলে মাহফিজুল ড্রাইভ করতে গেলে বল ব্যাটের বাইরের কানায় লেগে চতুর্থ স্লিপে যায়, যেখানে মার্কো ইয়ানসেন কোনো ভুল না করে বলটি লুফে নেন।
নিজের প্রথম টেস্ট ইনিংসেই কোনো রান না করেই (গোল্ডেন ডাক) সাজঘরে ফিরেন মাহফিজুল। নিজের দ্বিতীয় ওভারে রাবাদা মমিনুল হককে কোনো রান করার আগেই সাজঘরে ফেরান। পরের বলেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১২) স্টাম্প উপড়ে ফেলেন এক নিখুঁত ডেলিভারিতে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে আসা হৃদয় এবং ওপেনার তানজিদ, রাবাদা ও তার সঙ্গী পেসারদের আক্রমণ সামলে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। এমন কঠিন পরিস্থিতিতে যখন মনে হচ্ছিল বাংলাদেশ মানসিকভাবে ভেঙে পড়তে পারে, তখন তারা দারুণ দৃঢ়তা দেখান।
বল হাতে রাবাদার হুমকি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করেন তারা এবং দলকে কোনো বড় বিপর্যয় ছাড়াই এগিয়ে নেন। তানজিদ কিছু সাহসী শট খেললেও শেষ পর্যন্ত টিকে থাকেন এবং লাঞ্চের ঠিক আগের ওভারে নিজের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন।
বাঁহাতি স্পিনার সাইমন হারমারের বলে ডিপ স্কয়ার লেগের দিকে একটি ‘স্লগ-সুইপ’ শট খেলে তিনি ৭৯ বলে নিজের দ্বিতীয় টেস্ট অর্ধশতক তুলে নেন তানজিম। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ী হন রাবাদাই। তার একটি দ্রুতগতির ডেলিভারি তানজিদের স্টাম্প ভেঙে দেয়; ১০৮ বলে ১২টি চারের সাহায্যে তানজিদ তখন ৬৭ রানে ব্যাট করছিলেন।
ঠিক পরের বলেই রাবাদা টেস্ট ক্রিকেটে নিজের ১৮তম ‘ফাইভ-উইকেট’ (পাঁচ উইকেট) শিকার পূর্ণ করেন, উইকেটে আসা মুশফিকুর রহিম রাবাদার বলে থার্ড স্লিপে হারমারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন।
তবে লিটন দাস হ্যাটট্রিক বলটি সফলভাবে সামলে নেন এবং হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। মার্কো জানসেনের বলে এক রান নিয়ে হৃদয় ৯৯ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। অর্ধশতক পাওয়ার পর তিনি কিছুটা হিসাব কষে ঝুঁকি নিয়ে রানের গতি বাড়িয়ে দেন।
তার অটল সংকল্প ও দৃঢ়তা সফল হয়, যখন ডেন প্যাটারসনের বলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে চার মেরে তিনি ১৯৪ বলে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন। এরপর হৃদয় দক্ষিণ আফ্রিকান বোলারদের ওপর চড়াও হন এবং নিজের ইচ্ছেমতো শট খেলতে থাকেন।
অপর প্রান্তে অবিচল থেকে রান সংগ্রহ করতে থাকেন লিটন দাস। তবে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর রাবাদা বেশ বিপজ্জনক হয়ে ওঠেন; এ সময় হৃদয়কে বেশ কয়েকবার শরীরের ওপর বলের আঘাত সহ্য করতে হয়।
অবশেষে ইনিংসের শেষ বলে জানসেনের একটি লো ফুল-টস ডেলিভারিতে হৃদয় এলবিডব্লিউ হলে হৃদয়ে অসাধারণ ইনিংসে সমাপ্তি ঘটে। ১৩৭ রান নিয়ে সাজঘরে ফিরেন তাওহিদ হৃদয়। অন্যপ্রাপন্তে ৯২ রানে অপরাজিত থাকেন লিটন দাস।
