বয়কটের ‘ঘোষণা’ দিলেও এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ এএম, ২৪ জুলাই ২০২৫
বয়কটের ‘ঘোষণা’ দিলেও এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় ‌‘বয়কটের হুমকি’ দিলেও অবশেষে যোগ দিচ্ছে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি হিসেবে সহ-সভাপতি রাজীব শুক্লা অনলাইনে এসিসির সভায় যোগ দেবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এসিসির এ সভা ঢাকায় আয়োজন করতে চাওয়ায় ভারতসহ টেস্ট খেলুরে দেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কাও বেঁকে বসেছিল। বিসিসিআই থেকে সরাসরি সভা বয়কটের কথা না জানালেও দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ খরব প্রকাশ করা হয়।

ধারণা করা হয়, বিসিাসআই-এর পরামর্শেই ঢাকায় এসিসির সভায় যোগ দিতে চায়নি আফগানিস্তান-শ্রীলঙ্কা। এ তালিকায় নেপাল এবং ওমানও যোগ দিয়েছিল। এখন ভারত যোগ দেওয়ায় শ্রীলঙ্কা, ওমান এবং নেপালের প্রতিনিধিরা অনলাইনে সভায় যুক্ত থাকবে। তবে শ্রীলঙ্কার যোগ দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সামরিক যুদ্ধে জড়ালে অনিশ্চিত হয়ে পড়ে ২০২৫ সালের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে আসরটি আয়োজন ভারত হলেও ম্যাচগুলো আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থেমে গেলেও ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে দূরত্ব বেড়ে যায় ভারতের। ফলে রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশ সফরও এক বছর পিছিয়ে দেয় বিসিসিআই। তারই ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসির সাধারণ সভায় যোগ না দিয়ে এশিয়া কাপ থেকেও সরে যাওয়া হুমকি দিয়েছিল দেশটি। তবে সব শঙ্কা শেষে যুক্ত হচ্ছে ভারত।



শেয়ার করুন :