সরকারের চাওয়ায় প্রথমবারের মতো সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অল্প সময়ের জন্য বিসিবি বস হয়েই জানিয়েছিলেন, খেলতে চান টি-টোয়েন্টি ইনিংস। তবে সেই কথা থেকে হঠাৎই সরে দাঁড়ালেন তিনি। জানালেন, টি-টোয়েন্টি থেকে ফিফটি ফিফটিতে যাবেন।
আমিনুল ইসলাম বুলবুলের এমন সিদ্ধান্তে পাল্টে গেছে বাংলাদেশের ক্রিকেটের হাওয়া। যেখানে সাবেক আরেক অধিনায়ক তামিম ইকবালও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সকালে সিলেট জেলা স্টেডিয়ামে আমিনুল ইসলামের এমন হঠাৎ ঘোষণার পর শেষ বিকেলে আবারও এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বল্প সময়ের জন্য আমিনুল ইসলামকে পেলেও কথা বলেছেন উপস্থিত সাংবাদিকরা।
বিসিবিতে পরিচালক পদে হঠাৎ কেন নির্বাচন করতে চান আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সাথে এ বিষয়ে কোন কথা হয়েছে কি-না -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার সাথে এনএসসির এখনো কোন আলোচনা হয়নি। আমি জাস্ট প্রকাশ করেছি যে, সম্ভব হলে নির্বাচন করবো। এখন জানি না, কোথায় করবো বা কী করবো।”
“একটাই কারণ হচ্ছে (নির্বাচন করার) যে, যে কাজগুলো শুরু করেছিলাম সেগুলো ভালোভাবে এগিয়ে চলেছে এবং মনে হচ্ছে যে, এ কাজগুলো যেন আরও একটু... হাফ ডান হিসেবে যেন না ফেলে রাখা হয়। সামনে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সেটার একটা মূল কারণ, এখানে কন্টিনিউ করার।” -বলেন বুলবুল।
টি-টোয়েন্টি খেলতে চেয়ে এখন কেন টেস্ট খেলতে চাচ্ছেন -এমন প্রশ্নের জবাবও দেন আমিনুল ইসলাম। জানান, কন্টিনিউ করলে টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ইনিংসের দিকে যাবেন।
বুলবুল বলেন, “টেস্ট খেলা... অবশ্যই আমি বলেছিলাম একটা কুইক ইনিংসের কথা, কুইক ইনিংসটা তো এখনো শেষ হয়নি। শেষ হোক, আর যদি কন্টিনিউ করতে হয় হয়তো টি-টোয়েন্টি থেকে ফিফটি ফিফটিতে যাব।”
তিনি বলেন, “তার থেকেও বড় কথা, আমার কাছে মনে হয়েছে যে, যে সম্ভাবনা আমাদের আছে সেই সম্ভাবনাটা যেহেতু শুরু করেছি এর একটা নেক্সট স্টেজে (পরবর্তী ধাপ) নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করার জন্য আমি মনস্থির করেছি যে, আমি কন্টিনিউ করতে চাই।”
বিসিবির এবারের নির্বাচনে তামিম ইকবালও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে নির্বাচক হিসেবে নির্বাচিত হলে সভাপতি পদে লড়বেন তিনি। সেক্ষেত্রে তামিমের সাথে এ বিষয়ে কোন হয়েছে কি-না জানতে চাইলে আমিনুল ইসলাম জানান, কোন কথা হয়নি।
তিনি বলেন, “না আমার সাথে কোন কথা হয়নি (তামিমের সাথে)। তবে আশা করবো, সকলের প্রতি শ্রদ্ধা থাকবে, তাদের প্রতি সহযোগিতা থাকবে, দিন শেষে আমরা সকলে এখানে আসছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।”
