যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় অধ্যাপক আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়ে ক্রিকেটের উন্নয়নে পাশে পাওয়ার আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভাপতির আশা, ক্রিকেটের প্রতিটি স্তরে উচ্চতর মান অর্জনের লক্ষ্যে আসিফ নজরুল পাশে থাকবেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। এর আগে তিনি আইন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। এখন মোট তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অধ্যাপক আসিফ নজরুল দীর্ঘদিন ধরেই খেলাধুলার প্রতি একজন প্রকৃত আগ্রহী ব্যক্তি হিসেবে স্বীকৃত। বিসিবি বিশ্বাস করে, নতুন এ দায়িত্ব আসিফ নজরুলকে সকল শাখায় অর্থপূর্ণ অগ্রগতির দিকে সেই প্রতিশ্রুতিকে কাজে লাগাতে সাহায্য করবে।
নতুন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ করে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, “আমরা তার (আসিফ নজরুল) সাফল্য কামনা করি। জনসাধারণের সাথে তার পরিচিতি এবং খেলাধুলার প্রতি তার দীর্ঘস্থায়ী উৎসাহ আমাদের বিশ্বাস যে, তিনি এই খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবেন।”
আমিনুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। আমরা আশা করি, প্রতিটি স্তরে (ক্রিকেটের) উচ্চতর মান অর্জনের লক্ষ্যে তিনি (আসিফ নজরুল) আমাদের পাশে থাকবেন।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল
এছাড়া আলাদা আরও একটি বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সার্বিক সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানায় বিসিবি।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে তৎকালিন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনসহ বেশ কয়েকজন পরিচালক পালিয়ে গেলে অভিবাবক শূন্য হয়ে পড়ে বিসিবি। পরে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে পরিচালক করা হয় এবং পরে বোর্ড সভাপতি নির্বাচিত হন।
তবে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রত্যাশা পূরণ না করতে পারায় এবং কিছু বিতর্ক জন্ম দিলে ফারুক আমহেদকে সরিয়ে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক বানান সদ্য সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রথমে স্বল্প মেয়াদের কাজ করার প্রত্যাশা করলেও চলতি বছরের অক্টোবরে বিসিবির নির্বাচনের মাধ্যমে আবারও পরিচালক নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সেই নির্বাচনেও উপদেষ্টা আসিফ মাহমুদের প্রভাব বিস্তারের অভিযোগ উঠে। বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলার নির্বাচন করা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে এখনো মামলা চলমান রয়েছে।
