বাংলাদেশের দল ঘোষণা, দেশে ফিরতে হবে মোস্তাফিজ-রিশাদদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশের দল ঘোষণা, দেশে ফিরতে হবে মোস্তাফিজ-রিশাদদের

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সর্বশেষ পাকিস্তানের সিরিজের দল থেকে কোন পরিবর্তন আনেনি বিসিবি। ওই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথ থেকে বাংলাদেশে ফিরতে হবে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং শরিফুল ইসলামকে। তারা সবাইকে দলে রাখা হয়েছে।

১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচ সকাল ১১ টায় শুরু হবে।

ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



শেয়ার করুন :