বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের ম্যাচে টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা অনুযায়ী ২০০ টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে দেখা যাবে সিরিজের ম্যাচ।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিটি পাওয়া যাবে। বরাবরের মতো এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঢাকা এবং চট্টগ্রাম দুই ভেন্যুতেই টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের জন্য ৪০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) ৬০০ টাকা ধরা হয়েছে।
মিরপুরের ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিটের দাম ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার ক্যাটাগরির টিকিট মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা।
অন্যদিকে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে।
এছাড়া ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়নের টিকিট পাওয়া যাবে ২৫০০ টাকায়।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল গড়াবে চট্টগ্রামে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে দুইটি টি-টোয়েন্টি, আর সিরিজের শেষ ম্যাচটি ২ মে অনুষ্ঠিত হবে মিরপুরে।
