বিপর্যয় কাটিয়ে সিলেট টেস্টে লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৬ নভেম্বর ২০২৬
বিপর্যয় কাটিয়ে সিলেট টেস্টে লড়াইয়ে বাংলাদেশ

পেসার হাসান মাহমুদের ৬ উইকেট শিকারে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচটি এখন সমানে সমান অবস্থায় রয়েছে দুই দল।

হাসানের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। অথচ একটা সময় সফরকারীদের সংগ্রহ আরও হবে বলে মনে হচ্ছিল।

যদিও ব্যাটিংয়ে নেমে আবারও টপ অর্ডারে ধস নামে বাংলাদেশের, যা ক্রমেই নিয়মিত সমস্যায় পরিণত হচ্ছে। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় জুটি গড়ে ইনিংস সামাল দেন। ৩ উইকেটে ৮৫ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে গেছে। খেলা বন্ধ হওয়ার সময় ২৯ রানে অপরাজিত ছিলেন হৃদয়। আর ১৯ রানে ছিলেন মুশফিকুর রহিম।

গোড়ালির চোটে সাদমান ইসলাম মাঠ ছাড়ায় তার জায়গায় বিকল্প ওপেনার হিসেবে ব্যাট করতে নামেন নাঈম হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে টিকতে পারেননি তিনি। জেইডেন সিলেসের বলে প্রথম স্লিপে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ফেরেন নাঈম।

এরপর জাস্টিন গ্রিভসের বলে কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে ১৬ রানে বিদায় নেন তানজিদ হাসান তামিম। শামার জোসেফের সুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট থেকে এসেছে ১৮ রান। এতে ৫১ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তবে এরপর ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ সামলে নেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। খেলা বন্ধ হওয়ার আগে তাঁরা আর কোনো বিপদ হতে দেননি।

এর আগে দিনের শুরুতে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে মনে হচ্ছিল ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে সফরকারীরা। কিন্তু জোড়া আঘাতে ম্যাচের চিত্র বদলে দেন হাসান।

প্রথমে ক্যারিয়ার দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়া আমির জাঙ্গুকে ১৩৩ রানে বোল্ড করে জাস্টিন গ্রিভসের সঙ্গে তাঁর ১০৬ রানের জুটি ভাঙেন। আগের দিনের সঙ্গে আরও ২২ রান যোগ করে বিদায় নেন জাঙ্গু।

এরপর পরের বলেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে শূন্য রানে আউট করেন হাসান। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয় তার সামনে। জশুয়া বিশপকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করার দ্বারপ্রান্তে ছিলেন হাসান। তবে রিভিউতে সফল হয়ে রক্ষা পান বিশপ।

যদিও হাসানের নিয়ন্ত্রিত ও ধারাবাহিক বোলিংয়ে স্বস্তিতে থাকতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত বিশপকে ২৩ রানে আউট করে টেস্ট ক্রিকেটে নিজের পঞ্চম পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন হাসান।

অন্যদিকে বাংলাদেশের পেস আক্রমণ সামলে ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানের গন্ডি পার করান গ্রিভস। এ সময় নিজের অর্ধশতকও পূর্ণ করেন তিনি। অবশেষে মেহেদী হাসান মিরাজ গ্রিভসের প্রতিরোধ ভাঙেন। ৫১ রানে তাঁকে ফিরিয়ে স্পিনে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশকে।

এরপর শামার জোসেফকে আউট করে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয়বারের মতো ছয় উইকেট শিকার করেন হাসান। মিরাজ সিলসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সমাপ্তি টানেন।



শেয়ার করুন :