সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলার হিসেবে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান (৬) দেওয়ার নতুন রেকর্ড গড়ছিলেন মোস্তাফিজুর রহমান। বল হাতে এমন পারফম্যান্সে এবার আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও সুখবর পেলেন মোস্তাফিজ। ১৭ ধাপ এগিয়ে ওঠে এসেছেন শীর্ষ দশে (৯)। এছাড়া ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম এবং জাকের আলী।
বুধবার (২৩ জুলাই) র্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত গণনায় ধরা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৩.২ ওভারে ১৫ রান দিয়ে নিজের ঝুঁলিতে ভরেছেন একটি উইকেট। দ্বিতীয় ম্যাচে রান বেশি দিলেও প্রথম ম্যাচের পারফরম্যান্সের কল্যাণে একলাফে ১৭ ধাপ উপরে উঠে এসেছেন মোস্তাফিজ। ৬৫৩ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে মোস্তাফিজের অবস্থান ৯ম।
মোস্তাফিজ ছাড়াও বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহেদী হাসান। ৯ ধাপ উপরের উঠা মাহেদী হাসানের র্যাঙ্কিং এখন ১৬। এছাড়া এক ধাপ এগিয়ে তাসকিনের র্যাঙ্কিং ২৭ এবং ৯ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে উঠে এসেছে তানজিম হাসান সাকিব। তবে তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে নেমে গেছেন রিশাদ হাসান।
বোলিংয়ের পাশাপাশি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়েও সাফল্য দেখিছেন বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ হাসান তামিম এক লাফে ১৮ ধাপ উপরে উঠেছেন। ৩৮তম স্থানে থাকা তানজিদ তামিমও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের সবার শীর্ষে।
তানজিদ তামিম ছাড়া জাকের আলী অনিক ১৭ ধাপ এগিয়ে ৫৬তম এবং ২ ধাপ এগিয়ে ৪০তম স্থানে রয়েছেন তাওহিদ হৃদয়। তবে টি-টোয়েন্টির ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক ধাপ পিাছয়েছেন লিটন কুমর দাস (৪৫)।
