ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে ২০২৭ সালের ৩ জুন নেপালের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই দিন অনুষ্ঠিত হবে মিডলসেক্সের টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচ। লর্ডসের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে লর্ডসে চার দেশ নিয়ে ক্রিকেট আসরটি অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ-নেপাল ছাড়াও স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড ক্রিকেট দল অংশ নেবে।
এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে ওয়ার্মসলে ও বেকেনহ্যামে আরও কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে নেপাল। তবে ওসব ম্যাচে নেপালর প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বাংলাদেশ একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
লর্ডসে বাংলাদেশের পুরুষ দলের জন্য এটিই হবে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। এর আগে চলতি বছর আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো একই মাঠে বাংলাদেশ নারী দল খেলেছিল।
বাংলাদেশের ক্রিকেটের জন্য ২০২৭ সালটি এমনিতেই লর্ডসে স্মরণীয় হয়ে থাকবে। ১৭ বছর পর মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ পুরুষ দল।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেছেন, ১৭ বছর পর বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের অল্প সময়ের ব্যবধানে এই ম্যাচটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামী গ্রীষ্মে বাংলাদেশ দলকে লর্ডসে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) সভাপতি চতুর বাহাদুর চাঁদ বলেন, বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ খেলতে আইকনিক লর্ডস মাঠে আমরা ফেরার অপেক্ষায় রয়েছি। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে হোম অব ক্রিকেটে এটিই হবে নেপালের প্রথম ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বলেন, ক্রিকেটের হোম অব ক্রিকেট লর্ডসে খেলা বাংলাদেশ দলের জন্য সব সময়ই বিশেষ একটি উপলক্ষ। নেপালের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হতে পেরে আমরাও আনন্দিত।
তিনি আরও বলেন, আইকনিক এই ভেন্যুতে আমাদের পুরুষ দলের এটিই হবে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে
এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরের সূচি
১ জুন: নেপাল বনাম স্কটল্যান্ড, ওয়ার্মসলে (৫০ ওভার)
৩ জুন: বাংলাদেশ বনাম নেপাল, লর্ডস (টি-টোয়েন্টি)
৬ জুন: আয়ারল্যান্ড বনাম নেপাল, ওয়ার্মসলে (৫০ ওভার)
৯ জুন: আয়ারল্যান্ড বনাম নেপাল, ওয়ার্মসলে (টি-টোয়েন্টি)
১১ জুন: আয়ারল্যান্ড বনাম নেপাল, বেকেনহ্যাম (টি-টোয়েন্টি)
১২ জুন: আয়ারল্যান্ড বনাম নেপাল, বেকেনহ্যাম (টি-টোয়েন্টি)।
