জিয়া পরিবারের নামে ক্রীড়া আয়োজনে লাগবে সরকারি অনুমোদন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৬
জিয়া পরিবারের নামে ক্রীড়া আয়োজনে লাগবে সরকারি অনুমোদন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নামে ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সরকারের পূর্ব অনুমোদন ছাড়া এই ধরনের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত এক নোটিশে নির্দেশক্রমে এ অনুরোধ জানানো হয়েছে।

বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা বা স্থানীয় ক্রীড়া সংস্থা ও এর আওতাধীন এফিলিয়েটেড কোনো ক্লাব কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট বা ক্রীড়া আয়োজনের নামকরণ অথবা সংশ্লিষ্ট প্রচার-প্রচারণার পূর্বে সরকারের অনুমোদন গ্রহণ করতে হবে।

সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত এই ধরনের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জারি করা নোটিশটি সকল ক্রীড়া ফেডারেশনের সভাপিত, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া অফিসার, এসোসিসেয়শন, বোর্ড, সংস্থা এবং সকল জেলা ক্রীড়া সংস্থাকে মেনে চলতে বলা হয়েছে।



শেয়ার করুন :