উপকূলীয় অঞ্চলে ক্রীড়া ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে চীন ও গ্রিসের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে পালতোলা নৌকা চালানোসহ বিভিন্ন জলক্রীড়া, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, যুব প্রশিক্ষণ এবং উপকূলীয় পর্যটনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।
গত ৩ নভেম্বর গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত চীন-গ্রিস ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় সপ্তাহে এ বিষয়ে আলোচনা হয়। এতে চীনের গুয়াংজু শহরের নানশা জেলার একটি প্রতিনিধিদল গ্রিসের স্থানীয় সরকার ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে উপকূলীয় ক্রীড়া শিল্পের উন্নয়ন, পালতোলা নৌকাসহ বিভিন্ন জলক্রীড়ায় অভিজ্ঞতা বিনিময় এবং ক্রীড়া পর্যটনে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
পর্যটন ও উদ্যোক্তা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ভারি-ভুলা-ভুলিয়াগমেনি পৌরসভার ডেপুটি মেয়র আন্তোনিস কুসাথানাস জানিয়েছেন, সুস্পষ্ট উন্নয়ন লক্ষ্য ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এসব সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে চায় পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্রীড়া ও পর্যটনের সমন্বয় আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
গ্রিসের ভুলা নটিক্যাল অ্যাথলেটিক ক্লাবের সভাপতি কোস্তিস কামারাতোস এবং দেশটির পুরুষ জাতীয় ওয়াটার পোলো দলের প্রধান কোচ থিওডোরোস ভ্লাচোস ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, ক্লাব পরিচালনা এবং তরুণদের প্রশিক্ষণে গ্রিসের অভিজ্ঞতা তুলে ধরেন। চীনের ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে বিনিময় ও সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির নানশা জেলা কমিটির স্থায়ী কমিটির সদস্য ও প্রচার বিভাগের প্রধান ওউইয়াং জিয়ানহুয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নানশায় পালতোলা নৌকা চালানো, ক্যানোয়িং, ফুটবল, বাস্কেটবল ও টেনিসের দ্রুত উন্নতি হয়েছে। গ্রিসসহ বিভিন্ন দেশের ক্রীড়া সংস্থা, প্রতিযোগিতা আয়োজক এবং সাংস্কৃতিক ও পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী নানশা।
‘চীন-গ্রিস জলক্রীড়া সহযোগিতার সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনায় নানশা জেলা সংস্কৃতি, বেতার, টেলিভিশন, পর্যটন ও ক্রীড়া ব্যুরোর পরিচালক পেং শি জানান, গুয়াংজু নানশাকে দক্ষিণাঞ্চলীয় সামুদ্রিক উদ্ভাবন অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নানশা আন্তর্জাতিক সেলিং সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
আন্তর্জাতিক সেলিং রেগাটা এবং গ্রেটার বে এরিয়া সেলিং রেগাটা আয়োজনের অভিজ্ঞতা রয়েছে নানশার। ক্রীড়া প্রতিযোগিতা নানশায় আয়োজন এবং সেলিং পর্যটন পণ্য উন্নয়নে গ্রিসের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় জেলা কর্তৃপক্ষ। এছাড়া গ্রিসের সেলিং ক্লাবগুলোকে নানশায় প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোর পাশাপাশি ক্লাব বিনিময়, ইয়ট পর্যটন সেবা, প্রতিযোগিতা আয়োজনের সহযোগিতা এবং নৌকা ও ইয়ট রক্ষণাবেক্ষণেও যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখতে চায় তারা।
গুয়াংজু নানশা সেলিং অ্যাসোসিয়েশনের মহাসচিব উ শিয়াওথং বলেন, ভৌগোলিক দূরত্ব থাকলেও নানশা ও গ্রিসের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে মিল রয়েছে। বিশেষ করে তরুণ সেলারদের প্রশিক্ষণের বয়সসীমা, নৌকার ধরন এবং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে দুই পক্ষের অভিজ্ঞতায় সাদৃশ্য রয়েছে। পালতোলা নৌকা চালনায় আরও ঘনিষ্ঠ যোগাযোগ এবং তরুণদের সেলিং উন্নয়নে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও গ্রিসের বিভিন্ন শহরের মধ্যে পালতোলা নৌকাসহ সামুদ্রিক ক্রীড়ায় বিনিময় ও সহযোগিতা বেড়েছে। দুই দেশের ক্রীড়া শিল্পের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই বিনিময় সপ্তাহ। পাশাপাশি সামুদ্রিক সংস্কৃতির আদান-প্রদান এবং দুই দেশের শহরগুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতার নতুন সুযোগও তৈরি হচ্ছে।
