বিশ্বকাপ প্রস্তুতির জন্য তুরস্কে দল পাঠাচ্ছে ইরান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৭ মে ২০২৬
বিশ্বকাপ প্রস্তুতির জন্য তুরস্কে দল পাঠাচ্ছে ইরান

ফাইল ফটো

যুদ্ধের কারণে ফিফা বিশ্বকাপ না খেলার হুমকি দিলেও সেই অবস্থা থেকে ফিরে এসেছে ইরান। ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে তুরস্কে যাচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল। সেখানে অনুশীলন ক্যাম্প ও প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে।

ইরানের প্রধান কোচ আমির গালেনোই দেশটির ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিছেন, বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ সদস্যের দল নেওয়া হচ্ছে, যেখান থেকে বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

ইরানের এই দলে সবচেয়ে পরিচিত মুখদের একজন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার মেহদি তারেমি, যিনি বর্তমানে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলেন।

কোচ গালেনোই বলেন, “বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় নির্বাচন করা আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত ছিল। শুধুমাত্র পারফরম্যান্স ও টেকনিক্যাল বিবেচনাতেই খেলোয়াড় বাছাই করা হয়েছে।”

ইরান ফুটবল দল তুরস্কের আন্তালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলতে চায়। এর মধ্যে ২৯ মে গাম্বিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি ম্যাচ খেলা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে।

১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে ইরানি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে। এছাড়া সম্পতি যুদ্ধের কারণে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। যুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ না খেলার হুমকিও দিয়েছিল ইরান।

তবে যুদ্ধ বিরতি চলায় বিশ্বকাপ খেলার অংশ নিচ্ছে দেশটি। তবে নিজ দেশ থেকে না হওয়ায় খেলোয়াড়রা তুরস্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের ভিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ জানিয়েছেন, এখনো কোনো খেলোয়াড়ের ভিসা ইস্যু হয়নি।

বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে তারা। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান।



শেয়ার করুন :