পেসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট ৯৬ রান।
প্রথম সেশন শেষে ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১৮২ রানে পিছিয়ে সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে ২৭৮ রান করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বল হাতে ২টি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন ও মিরাজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছিল পাকিস্তান। আজান আওয়াইস ১৩ ও আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন আজানকে ১৩ ও ফজলকে ৯ রানে বিদায় করেন তাসকিন। এরপর জোড়া উইকেট তুলে নেন মিরাজ। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ২১ ও সৌদ শাকিলকে ৮ রানে আউট করেন মিরাজ।
৭৯ রানে ৪ উইকেট পতনের পর জুটি বাঁধেন বাবর আজম ও সালমান আঘা। পঞ্চম উইকেটে ১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন-বিরতিতে যান তারা। বাবর ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের তাসকিন ৩০ রানে ও মিরাজ ১৪ রানে ২টি করে উইকেট নিয়েছেন।
