বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সর্বশেষ অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়েছেন ফুটবল যাদুকর।
ডালাসে সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যান মেসি। এরপর ম্যাচের ইনজুরি টাইমে আরও এক গোল করে নিজের রেকর্ডকেই সমৃদ্ধ করেন আর্জেন্টাইন সুপারস্টার।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে আরও একটি গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। তবে পেনাল্টির সুযোগ নষ্ট করেন ৩৮ বছর বয়সী মেসি।
২০০৬ সালে অভিষেকের পর মেসি এবার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। জাতীয় দলের হয়ে ২০১ আন্তর্জাতিক ম্যাচে মেসির গোল সংখ্যা এখন পর্যন্ত ১২২টি।
১৯৬২ সালে পরপর দুই বিশ্বকাপ শিরোপা দখলের যে রেকর্ড ব্রাজিলের আছে মেসির নেতৃত্বে সেটা স্পর্শ করার লক্ষ্যে এখন বিভোর আর্জেন্টাইন সমর্থকরা।
