জাপানে চলমান এশিয়ান গেমসে ডোপিং পরীক্ষায় পজিটিভ হয়েছেন থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড পাওয়া গেছে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) জানিয়েছে, তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা উদীয়মান তারকা হিসেবে বিবেচিত পিচামনের মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে খেলার কথা ছিল। তবে আইটিএ জানিয়েছে, “পিচামন এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং বা যেকোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।”
সংস্থাটি জানিয়েছে, পিচামন চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করতে পারবেন। এছাড়া স্যাম্পল-বি পরীক্ষা করার অনুরোধ জানানোর অধিকারও রয়েছে বলে জানিয়েছে আইটিএ।
দ্রুত ওজন কমানোর জন্য শরীর থেকে পানি বের করে দিতে প্রতিযোগীরা ফুরোসেমাইড ব্যবহার করতে পারেন। ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার সময় আইটিএ পিচামনের নমুনা সংগ্রহ করেছিল।
