জিয়ার মাজারে জাতীয়তাবাদী ক্রীড়া দলের শ্রদ্ধা নিবেদন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৪ জুলাই ২০২৬
জিয়ার মাজারে জাতীয়তাবাদী ক্রীড়া দলের শ্রদ্ধা নিবেদন

ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পাওয়া সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল।

শুক্রবার (২৪ জুলাই) জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতারা এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে দায়িত্ব পাওয়া সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ার মাজার প্রাঙ্গণে মোনাজাত করা হয়। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক-মইনুল হক মইন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডন, সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ চৌধুরী এবং আহ্বায়ক নিয়াজ মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটিতে স্থান পাওয়া জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্যরা সবাই সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, তার দিকনির্দেশনা ও জিরো টলারেন্স নীতিকে সামনে রেখেই ক্রীড়াঙ্গনে কাজ করা হবে।

এদিকে, নতুন অ্যাডহক কমিটিতে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী।

তিন মাসের মধ্যে সব ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েও কাজ চলছে। পাশাপাশি অপ্রয়োজনীয় বিদেশ সফরের বিষয়েও নজরদারি করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।



শেয়ার করুন :