শিশু-কিশোরদের খেলাধুলা ও প্রতিভা বিকশিত হওয়ার খবর সংবাদপত্রে যেন লিড নিউজ বা প্রধান খবর করা হয় - এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এই শিশুরা (নতুন কুড়ি স্পোর্টসের অংশগ্রহণকারী) এবং আজকের এই ইভেন্টই বাংলাদেশের ভবিষ্যৎ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, সমাজে নানা ধরনের সংবাদ থাকলেও আজকের এই শিশু-কিশোরদের খেলাধুলা ও প্রতিভা বিকশিত হওয়ার খবরটিকে যেন আগামীকালের সংবাদপত্রের লিড নিউজ বা প্রধান খবর করা হয়। এই শিশুরা এবং আজকের এই ইভেন্টই বাংলাদেশের ভবিষ্যৎ।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অনেক স্কুলে এখনো বসার জায়গা বা ফ্যানের সঙ্কট রয়েছে, সরকার এসব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। তবে দেশকে সঠিকভাবে গড়ে তোলার মূল দায়িত্ব এই প্রজন্মের তরুণ ও শিশুদেরই নিতে হবে। গ্যালারিতে বসে থাকা এই শিশুদের মধ্য থেকেই দেশের ভবিষ্যৎ ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সুইমার ও টেনিস খেলোয়াড়রা বেরিয়ে আসবে।
বক্তব্যের এক পর্যায়ে দেশের ভবিষ্যৎ নাগরিকদের কাছে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। যত্রতত্র প্লাস্টিক বা ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং নদী-নালা বা পুকুরের পানি পরিষ্কার রাখতে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির ও স্কুলের আশেপাশে নিয়মিত গাছ লাগানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এছাড়া পশুপাখির প্রতি দয়া প্রদর্শন এবং তাদের উপর যেকোনো ধরনের নিষ্ঠুরতা রোধ করার কথা বলেন তিনি।
সরকার শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা, গান ও শিল্পচর্চায় সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে বলে আশ্বাস প্রদান করেন প্রধানমন্ত্রী। একই সাথে আজকের এই পর্যায়ে পৌঁছানোর পেছনে বাবা-মা, শিক্ষক ও কোচেরা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, এই খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গন থেকে ট্রফি জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনবে।
