পাকিস্তানে অনুষ্ঠিত কাভা কাপ মেনস ভলিবল চ্যাম্পিনশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছয় দলের এই আসরে সেমি-ফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে শিরোপামঞ্চে পা রেখেছে হরোষিত-নাঈমরা।
মঙ্গলবার (২৮ জুলােই) পাকিস্তানের ইসলামাবাদে উজবেকিস্তানের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম সেটে ২৫-২১, দ্বিতীয় সেটে ২৫-২০ এবং তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জিতেছে লাল-সবুজের দল। বুধবার আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আসরে ছয় দেশের মধ্যে গ্রুপপর্বে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ফলে সেরা চারের সেমিতে দুইয়ে থাকা উজবেকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আসরে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়েই আসর শুরু করেছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের জয় এসেছিল ৩-২ সেটে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরে গেলেও তৃতীয় ম্যাচে আবারও ঘুরে দাঁড়ায়। ৩-২ সেটে কাজাখস্তানকে হারায় তারা।
চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নেপালের বিপক্ষে ৩-২ সেটে জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কা বিপক্ষে ভালো শুরুর পরও প্রথম দুই সেট বাংলাদেশ ২৪-২৬ ব্যবধানে হেরে যায়। এরপর ঘুরে দাঁড়িয়ে প্রত্যাবর্তনের গল্প লেখে। পরের তিনটি সেটে টানা জিতে নিজেদের চতুর্থ জয় তুলে নেয় বাংলাদেশ।
প্রথমবারের মতো ফাইনালে উঠা বাংলাদেশ ভলিবল দলের সামনে এখন একটাই লক্ষ্য, শিরোপা জয়। আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং স্বাগতিক পাকিস্তান। ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।
