জাপানের সম্রাটের ঘোষণায় শুরু হলো এশিয়ান গেমস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাপানের সম্রাটের ঘোষণায় শুরু হলো এশিয়ান গেমস

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের বন্দরনগরী নাগোয়ায় পর্দা উঠলো ২০তম এশিয়ান গেমসের। শনিবার (১৯ সেপ্টেম্বর) জাপানের সম্রাট নারুহিতো গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অলিম্পিকের চেয়েও বেশি সংখ্যক অ্যাথলেটের অংশ নেওয়া এই বহুমাত্রিক ক্রীড়া আসরটি এ ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে আসন গ্রহণের সময় জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়। সম্রাট নারুহিতো গেমসের উদ্বোধন ঘোষণা করলে নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের করতালিতে চারিদিক মুখরিত হয়ে উঠে।

দুই ঘণ্টার আয়োজনে জাপানের কৃষ্টি-সংষ্কৃতি ফুটিয়ে তোলা হয়। বিভিন্ন গেমসে বিশেষ করে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী জাপানীজ সাবেক এ্যাথলেটরা এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) পতাকা বহন করে নিয়ে আসেন।

গেমসের মশালও বহন করেছেন বিভিন্ন সময় অলিম্পিকে স্বর্ণপদকজয়ী সাবেক এ্যাথলেটরা। রবিবার সকালে পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে হবে প্রথম স্বর্ণপদকের লড়াই। ৪০টিরও বেশি খেলায় এশিয়ার সেরা অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। আসর শেষ হবে ৪ অক্টোবর।

এ নিয়ে তৃতীয়বারের মতো জাপানের এশিয়ান গেমস আয়োজিত হচ্ছে। এর আগে ১৯৫৮ সালে টোকিও ও ১৯৯৪ সালে হিরোশিমায় এই গেমস অনুষ্ঠিত হয়েছিল।

তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে বিপুলসংখ্যক আসন ফাঁকা ছিল। অল্পসংখ্যক দর্শক বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন, যেখানে মূল মঞ্চটি তৈরি করা হয়েছিল বিশাল একটি হৃদয়ের আকৃতিতে।



শেয়ার করুন :