দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলো বাংলাদেশ। গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণির ফাইট ইভেন্টে জিন্নাত আক্তারের হাত ধরে চলমান আসরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।
১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। এশিয়ার সর্বোচ্চ আসরে ব্যক্তিগত ইভেন্টে ওটাই ছিল বাংলাদেশের একমাত্র অর্জন। দীর্ঘ ৪০ বছর পর মোশাররফের পাশে নাম লেখালেন জিন্নাত।
আইচির প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইানালের প্রতিযোগিতায় প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে সেমি-ফাইনাল নিশ্চিত হয় জিন্নাতের। এর আগে প্রাথমিক পর্বে জিন্নাত বাই পেয়ে শেষ আটের টিকিট কাটেন।
গেমসের নিয়মানুযায়ী আটজনের বেশি প্রতিযোগী অংশ নিলে সেমি-ফাইনালে ওঠা চারজনেরই পদক নিশ্চিত হয়। জিন্নাত যে ওজন শ্রেণিতে অংশ নিয়েছেন সেখানে ১৬ জন প্রতিযোগী থাকায় সেমি-ফাইনালে ওঠায় বাংলাদেশের অন্তত ব্রোঞ্জপদক অর্জন নিশ্চিত।
বাংলাদেশ উশু এসোসিয়েশনের সাধারন সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করে জানান, জিন্নাত সেমি-ফাইনালে জিতলে বাংলাদেশ স্বর্ণ পদকের লড়াইয়ে নামবে। আর যদি সেমি-ফাইনালে হেরেও যান তবুও এই ইভেন্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত।
দেশের জন্য দীর্ঘ ৪০ বছর পর ব্যক্তিগত কোন ইভেন্টে আন্তর্জাতিক পদক অর্জনের বিষয়টি জানতে পেরে জিন্নাত বলেন, “আমি অনেক খুশি, দেশের জন্য কিছু করতে পেরেছি। সকলের দোয়া চাই। বাংলাদেশের উশুকে যেন আরও অনেকদুর এগিয়ে নিয়ে যেতে পারি।”
