বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা পেলেন জিন্নাত আক্তার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা পেলেন জিন্নাত আক্তার

দেশে ফিরে বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা পেলেন এশিয়ান গেমসে উশু ডিসিপ্লিনে ৫২ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদ জিন্নাত আক্তার। শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে জিন্নাত আক্তারকে এ সংবর্ধনা জানানো হয়।

দীর্ঘ ৪০ বছর পর জিন্নাত আক্তারের হাত ধরে এশিয়ান গেমসে পদক পেয়েছে বাংলাদেশ। এর ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন।

আইচির প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইানালের প্রতিযোগিতায় প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে সেমি-ফাইনাল নিশ্চিত হয় জিন্নাতের। এর আগে প্রাথমিক পর্বে জিন্নাত বাই পেয়ে শেষ আটের টিকিট কাটেন। সেমিতে সফল হতে না পারলেও ব্রোঞ্জ পদক পান জিন্নাত।

জিন্নাতের হাত ধরে ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের পদক

এশিয়ান গেমস থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় জাপানের আইচি-নাগোয়া থেকে TG 339 ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জিন্নাত আক্তার। এ সময় বিওএ’র পক্ষ থেকে জিন্নাতকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য রাসেল কবির সুমন এবং বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান করেন।

এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে জিন্নাত আক্তারের এই অর্জনকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তার এই সাফল্য দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।



শেয়ার করুন :