প্রথমবারের মতো সাইক্লিংয়ের রোড বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে ভারত। ২০৩২ সালের আসরের আয়োজক হিসেবে ভারতের পুনে শহরকে নির্বাচিত করেছে আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই)।
বুধবার কানাডার মন্ট্রিয়লে চলমান এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় অনুষ্ঠিত ইউসিআই কংগ্রেসের ভোটে নেদারল্যান্ডসের গ্রোনিঙ্গেনকে হারিয়ে আয়োজক হওয়ার সুযোগ পায় ভারত। প্রায় ৭০ লাখ মানুষের শহর পুনে মুম্বাই থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত।
দুই বছর পর ২০৩৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে গ্রোনিঙ্গেন। দুই আয়োজক শহরের প্রস্তাবকে ভালো ও শক্তিশালী উল্লেখ করে ইউসিআই সভাপতি ডেভিড ল্যাপার্তিয়েন্ট বলেছেন, “দুটি প্রস্তাবই খুব ভালো ও শক্তিশালী ছিল। আমি মনে করি, দুই আয়োজকের জন্যই আমরা একটি ভালো সমাধান খুঁজে পেয়েছি।”
ভারত বর্তমানে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনেরও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
দীর্ঘ সময় ইউরোপ কেন্দ্রিক থাকার পর ১৯৭৪ সালে প্রথমবার উত্তর আমেরিকায় সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় মন্ট্রিয়লে। এশিয়ায় প্রথম আয়োজক দেশ ছিল জাপান, সেটাও ১৯৯০ সালে। এরপর ২০১৬ সালে দোহা এবং ২০২৮ সালে আবুধাবি এশিয়ার আয়োজক হিসেবে যুক্ত হয়েছে।
গত বছর রুয়ান্ডা প্রথম আফ্রিকান দেশ হিসেবে সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করে। এবার সেই পথে হাঁটছে ভারত।
