জাপানের কাছে লজ্জাজনক পরাজয় থেকে বাঁচলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাপানের কাছে লজ্জাজনক পরাজয় থেকে বাঁচলো ভারত

অল্পের জন্য লজ্জাজনক পরাজয় থেকে বেঁচে গেল ভারতের ক্রিকেট দল। স্বাগতিক জাপানের বিপক্ষে মাত্র ২ রানে জয় পেয়েছে ভারত। ক্রিকেটে এমনটা হয়, কখনো টাই কিংবা এক বা দুই রানের জয়। তবে জাপানের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের এমন লড়াই বিশ্ব ক্রিকেটে প্রথমবার।

প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছিল জাপান। সেই ম্যাচেই মাত্র ২ রানে হেরে গেছে র‌্যাংকিংয়ে ৪১তম স্থানে থাকা জাপান।

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটি আয়োজন করেছে দুই দেশ। তবে জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি ৫ ওভারে নামিয়ে আনা হয়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। টপ অর্ডারে সঞ্জু স্যামসন ৯, অভিষেক শর্মা গোল্ডেন ডাক ও ইশান কিশান ৩ রানে আউট হন। চতুর্থ উইকেটে ১৩ বলে ১৮ রান যোগ করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও তিলক ভার্মা। এতে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানের সংগ্রহ পায় ভারত। আইয়ার ১ চারে ১২ বলে ১৬ রান করেন।

উইকেট স্পিন সহায়ক হওয়ায় স্পিনারদের দিয়েই পুরো ৫ ওভার শেষ করেছে জাপান। তিন স্পিনার চার্লি হারা-হিনজে ২টি, ইব্রাহিম তাকাহাশি ও বেঞ্জামিন ইতো-ডেভিস ১টি করে উইকেট নেন।

৩৩ রানের টার্গেটে প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট হারায় জাপান। ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক। পরের ওভারে আবারও উইকেট হারায় জাপান। ৪ রানে থামেন তিন নম্বরে নামা তাকাহাশি। ৭ রানে ২ উইকেট পতনে চাপে পড়ে জাপান।

তৃতীয় উইকেটে ১৪ বলে ১৮ রানের জুটি গড়ে দলকে জয়ের লড়াইয়ে রাখেন অধিনায়ক কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ও বেঞ্জামিন ইতো-ডেভিস। শেষ ওভারে ৮ রানের দরকার পড়ে জাপানের।

ভারত স্পিনার অক্ষর প্যাটেলের করা শেষ ওভার থেকে ৫ রানের বেশি নিতে পারেনি জাপান। ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলে ম্যাচ হারে জাপান। দলের হয়ে ১ চারে ১২ বলে সর্বোচ্চ ১২ রান করেন কাদোওয়াকি-ফ্লেমিং। এছাড়া ইতো-ডেভিস ৯ ও শিরাই-প্যাটমোর ২ রানে অপরাজিত ছিলেন।

বল হাতে ভারত স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৩ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের আইয়ার।


বিষয়ঃ

শেয়ার করুন :