রাজশাহীতে শুরু হলো বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:১৯ এএম, ২০ ডিসেম্বর ২০২৫
রাজশাহীতে শুরু হলো বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল

রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হয়েছে। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবারের আসরে ৮টি জেলার ১৬টি কলেজ দল অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার। নিয়মিত খেলাধুলা মন ও শরীরকে সুস্থ, সতেজ ও প্রাণবন্ত রাখে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া-আজকের এই প্রতিযোগিতা থেকেই আগামী দিনের রাইজিং স্টার তৈরি হবে। তরুণ সমাজকে খেলাধুলার অঙ্গনে ফিরিয়ে আনা এই আয়োজনের প্রধান লক্ষ্য।

খেলার মাঠে দর্শকই খেলাধুলার প্রাণ উল্লেখ করে তিনি বলেন, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট তরুণদের জন্য প্রতিযোগিতার মঞ্চের পাশাপাশি সুস্থ জীবনধারা, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তোলার এক কার্যকর উদ্যোগ। বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক আয়োজন ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে; তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।

পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, এই টুর্নামেন্টের গুরুত্ব কেবল খেলায় সীমাবদ্ধ নয়। কলেজ পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। একই সঙ্গে এটি মাদক ও অপরাধমুখী প্রবণতা থেকে তরুণদের দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে। বিভাগীয় পর্যায়ে এমন আয়োজন শিক্ষাঙ্গনে ক্রীড়া সংস্কৃতি জোরদার করে এবং জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণের ক্ষেত্র তৈরি করবে।

টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রাজশাহীতে তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট কলেজ পর্যায়ে ফুটবলের ধারাবাহিকতা তৈরি করছে। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :