রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ছেলে ও মেয়ে গ্রুপে জেলা চ্যাম্পিয়ন ৩২ কলেজের ৯৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় মোট ৭২টি ইভেন্টে রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী তথা এই বিভাগের মানুষ হাসতে জানে ও প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতে জানে। দেশ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতেও পারে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় দেশের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছেন। যাতে যুব সমাজ মাদক থেকে দূরে থাকে ও খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।
বক্তব্য শেষে সরকারি শারীরিক শিক্ষা কলেজ চত্বরে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ভৃমিমন্ত্রী।
রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। রাজশাহী থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। যারা বিশ্বে রাজশাহী এবং বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এছাড়া রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াছ উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
