রাজশাহীতে ফরমার ক্রিকেটার অব রাজশাহীর ব্যানারে আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির ক্ষুদে ক্রিকেটার আতিকুর ব্যাট হাতে সর্বোচ্চ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন সর্বোচ্চ উইকেট। হয়েছেন টুর্নামেন্ট সেরাও।
সোমবার (২৬ জানুয়ারি) রাজশাহী বিভাগীয় নারী ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ফাইনালে কোর্ট মডেল উচ্চ বিদ্যালয় ৪৫ রানে সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জয় করে।
‘স্বপ্নের শুরু স্কুল মাঠ থেকেই’ -এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে রাজশাহীর স্বনামধন্য ২৪টি স্কুল অংশ নেয় যার মূল উদ্দেশ্য ছিল স্কুল পর্যায়ের ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ ও ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলা।
রাজশাহীর স্কুল ক্রিকেটারদের স্বপ্নের এই টুর্নামেন্ট আয়োজনের পেছনে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট।
ফাইনাল শেষে ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা ব্যাটার ও সেরা বোলারকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ২৬৬ রান ও ১৪ উইকেট নিয়ে কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের আতিকুর একাই সেরা ব্যাটার, সেরা বোলার ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন।
মাত্র ১৪ রানে ৫ উইকেট শিকার করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের সিহাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার-উন্নয়ন ও আইসিটি রাজশাহী বিভাগ মো. রেজাউল আলম সরকার, বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
