রাজশাহীকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

মো. ফয়সাল আলম মো. ফয়সাল আলম প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৪ জুন ২০২৬
রাজশাহীকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতায় রাজশাহী ভেন্যুতে স্বাগতিক রাজশাহীকে পরাজিত করে আবারও চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। টাইব্রেকারে হেরে গিয়ে রানারআপ হয়েছে রাজশাহী।

মঙ্গলবার (২৩ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল টাইব্রেকারে স্বাগতিক রাজশাহী জেলা দলকে ৫-৪ গোলে পরাজিত করে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল।

মোট সাতটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দু'টি দল ফাইনাল খেলে।

গতবছরও এই দল দুটিই ফাইনালে মুখোমুখি হয়েছিল। ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ স্বাগতিক রাজশাহীকে শোচনীয়ভাবে ৮-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল।

ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন সুমাইয়া আফরিন শাহীন। তাকে সহযোগিতা করেন মাহফুজা রাহাত, তানিয়া ও শামিমা সরেন।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।

রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ও বাফুফের প্রতিনিধি নজরুল ইসলাম লিয়ন।

এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, সদস্য মো. সাইফুল ইসলাম কালুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :