রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, সুইমিংপুল, জিমনেসিয়ামসহ অন্যান্য ক্রীড়া স্থাপনা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব আমেনা বেগম। এ সময় বিভিন্ন স্থপনা সংস্কারের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার দোকান থেকে ভাড়া আদায়ের পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি।
বুধবার (২৯ জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনকালে আমেনা বেগম বলেন, সমস্ত স্থপনা সংস্কার করা খুব জরুরি। সরকার স্থাপনা নির্মাণ করবে কিন্তু তার দেখভাল করার জন্য কমিটিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
জেলা ক্রীড়া অফিসারগনকে দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যেসব দোকান আছে, তাদের নিকট চিঠি দিয়ে ভাড়া আদায়ের পদক্ষেপ নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনী ব্যবস্থা গ্রহণ করাসহ দোকান বরাদ্দ বাতিল করতে হবে। কারণ, নিজস্ব আয়ের মাধ্যমে স্টেডিয়াম পরিচালনা করতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান, নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. ফয়সাল আলম