নেপালকে হারিয়ে দাপুটে শুরু বাংলাদেশের মেয়েদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে দাপুটে শুরু বাংলাদেশের মেয়েদের

ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করলো বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক মেয়েরা।

রবিবার (১৮ অক্টোবর) ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬ এশিয়া জোন-২’-এর উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধার ছিল বাংলাদেশের। প্রথমার্ধে নেপাল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি।

বিরতিতে ১৩-৯ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে ১৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল।

বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান আলপনা আক্তার। একাই ৭ গোল করে ম্যাচ সেরা হয়েছেন তিনি। আলপনার পাশাপাশি বাংলাদেশের আক্রমণে কার্যকর ছিলেন মিষ্টি খাতুন ও শ্যামলী মিং। দু'জনই করেছেন ৬টি করে গোল।

এছাড়া অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি, সায়মা জান্নাত সীমা ৪টি এবং মাসুদা আক্তার ২টি গোল করেছেন। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেছেন একটি করে গোল।

চারজাতির এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। বড় জয় দিয়ে শুরু করায় ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারবে বাংলাদেশ।



শেয়ার করুন :