‌‘ফিক্সিং সন্দেহের কার্যক্রমে’ কারো অধিকার লঙ্ঘন হয়নি: বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬
‌‘ফিক্সিং সন্দেহের কার্যক্রমে’ কারো অধিকার লঙ্ঘন হয়নি: বিসিবি

বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ, ছবি- স্পোর্টসমেইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ফিক্সিং সন্দেহে বেশ কিছু ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ এবং ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের মোবাইল জব্দ করেছে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিট। তবে এ বিষয়ে খেলোয়াড় কিংবা ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার অধিকার লঙ্ঘন করা হয়নি বলে জানিয়েছে বিসিবি।

বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের কার্যক্রম নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। সিইও আতিক ফাহাদের মোবাইল জব্দ করা ছাড়াও দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে প্রশ্ন তুলেন তিনি।

ঢাকা ক্যাপিটালসের অভিযোগের পর রবিবার (১১ জানুয়ারি) সংবাদ মাধ্যমে নিজের অবস্থা পরিস্কার করেছে বিসিবি। জানিয়েছে, বিসিবি আইইউ দলের দ্বারা কোনো খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার কোনোভাবেই লঙ্ঘিত হয়নি।

বিবৃতিতে বিসিবি জানায়, বিসিবি আইইউ কর্তৃক এই ধরনের কার্যক্রম বিসিবির দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিরই অংশ এবং ক্রিকেটে অনিয়ম রোধে বোর্ডের দৃঢ় অবস্থানকে তুলে ধরে। বিসিবি আইইউ আইসিসির প্রচলিত দুর্নীতিবিরোধী নীতির অধীনে সাধারণ প্রক্রিয়া অনুসারে কাজ করে।

আরও বলা হয়, কোন খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার অধিকার লঙ্ঘন করা হয়নি। এই প্রতিরোধমূলক কার্যক্রমের ফলে সন্দেহজনক কর্মকান্ড প্রায় ৮০ শতাংশ কমে এসেছে।

বিদেশি ক্রিকেটারদের সাথেও কথা হয়েছে উল্লেখ করে বলা হয়, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে। সাক্ষী হিসেবে তাদের কাছ থেকে খেলোয়াড় নিয়োগ প্রক্রিয়া, চুক্তির শর্ত এবং পারিশ্রমিক কাঠামো যাচাই করা হয়েছে। তবে এসব বৈঠক ছিল সম্পূর্ণ গোপনীয় ও প্রতিরোধমূলক এবং এর অর্থ এই নয় সংশ্লিষ্ট কোন খেলোয়াড় তদন্তের আওতায় রয়েছে বা তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিসিবি আরও জানায়, বিসিবি দুর্নীতির প্রতি জিরো-টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং সুনাম রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।



শেয়ার করুন :