চোটের কারণে দক্ষিণ আফ্রিকার সফর থেকে ছিটকে গেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। সিরিজের দ্বিতীয় টেস্ট কিংবা স্বাগতিকদের বিপক্ষে সাদা বলের দুই সিরিজেই খেলতে পারছেন না।
ইনজুরির কারণে খেলতে না পারায় দক্ষিণ আফ্রিকা থেকে হাসান মাহমুদকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিসিবি এক বিজ্ঞপ্তি জানায়, ডান কনুইয়ে চোটের কারণে জাতীয় দলের পেসার হাসান মাহমুদ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন। তিনি দ্বিতীয় টেস্ট এবং স্বাগতিকদের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের (সাদা বল) সিরিজের দলে থাকছেন না।
চোট থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়া এবং ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিসিবির প্রত্যাশা, হাসান মাহমুদ দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে নিজের সেরা অবস্থায় আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এছাড়া ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৬ এবং দ্বিতীয় ইনিংসে ৪ রান করেন তিনি।
