তিন বিপিএলে বিসিবির লোকসান ৪০ কোটি ৫২ লাখ টাকা

রোকুনুজ্জামান সেলিম রোকুনুজ্জামান সেলিম প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৮ মে ২০২৬
তিন বিপিএলে বিসিবির লোকসান ৪০ কোটি ৫২ লাখ টাকা

দেশের ক্রীড়া ইভেন্টের মধ্যে সবচেয়ে আসর হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সর্বশেষ তিন আসরে বড় অঙ্কের আর্থিক লোকসান গুনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের আর্থিক হিসেব অনুযায়ী, বিপিএলে টানা তিন আসরে মোট ৪০ কোটি ৫২ লাখ টাকার বেশি ঘাটতি হয়েছে।

বিপিএলের ১০ম, ১১তম ও ১২তম আসরের আয়-ব্যয়ের হিসেব থেকে দেখা যায়, প্রতিটি আসরেই আয়ের তুলনায় ব্যায় বেশি হয়েছে। তিন মৌসুম মিলিয়ে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৫২ লাখ ৪ হাজার ৬৯ টাকা।

সবচেয়ে বেশি লোকসান হয়েছে সর্বশেষ ১২তম আসরে। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের হিসাবে ওই আসরে বিসিবির ঘাটতি ছিল ১৯ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৫৪৬ টাকা।

বিপিএলের দ্বাদশ আসরে মোট আয় ছিল ৩৬ কোটি ১১ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৫৬ কোটি ২ লাখ ৩৯৬ টাকা।

নানা বিতর্কের মাঝে বিপিএল আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বধীন বিসিবি। আসরটিতে তৎকালীন বিসিবি বস আমিনুল ইসলাম নিজেই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

এর আগে বিপিএলের ১১তম আসরে বিসিবির লোকসান করেছে ১৪ কোটি ৬ লাখ ৫১ হাজার ১৭৩ টাকা। ফারুক আহমেদের পরিচালনায় ওই আসরে আয় হয়েছিল ৫৬ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৩৯১ টাকা, বিপরীতে ব্যয় ছিল ৭০ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৫৬৪ টাকা।

ফারুক আহমেদ এবং আমিনুল ইসলামের নেতৃত্বাধীন স্বল্পকালীন দায়িত্বে ছাড়াও নাজমুল হাসান পাপনের বোর্ডেও লোকসানে মুখ দেখেছে বিপিএল।

বিপিএলের ১০ম আসরে লোকসান ছিল ৬ কোটি ৫৫ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। সেই মৌসুমে মোট আয় ছিল ৪৪ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৩৬ টাকা এবং ব্যয় হয়েছিল ৫০ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৩৮৬ টাকা।

তিন আসরের হিসেব বিশ্লেষণ করলে দেখা যায়, সম্প্রচার স্বত্ব, ফ্র্যাঞ্চাইজি ফি ও টিকিট বিক্রি থেকে বড় অঙ্কের আয় হলেও টেলিভিশন প্রোডাকশন, লজিস্টিকস, পুরস্কার মূল্য, নিরাপত্তা ও পরিচালন ব্যয়ের কারণে উল্লেখযোগ্যভাবে খরচ বেড়েছে।

বিশেষ করে সর্বশেষ ১২তম আসরে ‘চট্টগ্রাম রয়্যালস’থেকে ৪ কোটি ৭৫ লাখ টাকা রাজস্ব দেখানো হলেও একই খাতে ১১ কোটি ৭০ লাখ টাকার বেশি ব্যয়ও দেখানো হয়েছে।

দ্বাদশ আসরে উদ্বোধনী অনুষ্ঠান, নিরাপত্তা, মিডিয়া অপারেশন ও বিভিন্ন কমিটির খরচ ছিল উল্লেখযোগ্য।

বিপিএলের জনপ্রিয়তা ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন আলোচনা থাকলেও স্পোর্টস মেইলের হাতে আসা আর্থিক হিসেব বিশ্লেষন করে দেখা যাচ্ছে, টুর্নামেন্টটি থেকে লাভের মুখ দেখছে না বিসিবি।

বিষয়টি নিয়ে সম্প্রতি বিসিবি বস তামিম ইকবালও কথা বলেছেন। এমনকি এভাবে বিপিএল করার চেয়ে না করা পক্ষেও মত দিয়েছেন তিনি।



শেয়ার করুন :