আম্পায়ারদের দেখে হৃদয়ের ‘অশোভন মন্তব্য’, বড় শাস্তি দিল আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২০ নভেম্বর ২০২৬
আম্পায়ারদের দেখে হৃদয়ের ‘অশোভন মন্তব্য’, বড় শাস্তি দিল আইসিসি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে আক্রমণাত্মক ও অশোভন মন্তব্য করায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। ফলে তাকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা এবং নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

হৃদয় ‘খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের জন্য আইসিসি আচরণবিধি’-র ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই অনুচ্ছেদটি ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ’-এর সাথে সম্পর্কিত।

তাওহিদ হৃদয় আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে অপরাধ গুরুতর হওয়ায় ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা এবং শৃঙ্খলাজনিত রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। তবে ২৪ মাসের মধ্যে হৃদয়ে এটিই প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটেছিল যখন খারাপ আলোর কারণে খেলা বন্ধ ছিল এবং মাঠের আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দাবি করেন যে, খেলা আরও আগেই বন্ধ করা উচিত ছিল।

তিনি আম্পায়ারদের সাথে যে ভাষায় কথা বলেন, তা ছিল আক্রমণাত্মক এবং অশোভন বলে প্রমাণিত হয়েছে। হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিদের সদস্য অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।



শেয়ার করুন :