স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ‘দ্য হানড্রেড’ ক্রিকেটের পঞ্চম আসরের প্রথম ম্যাচে লন্ডন স্পিরিটের বিপক্ষে ৪ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট নেন ওভাল ইনভিন্সিবলের হয়ে খেলতে নামা রশিদ। এর ফলে বিশ্বের প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৫০ উইকেট পূর্ণ করেন এই লেগ-স্পিনার।
৪৮২ ম্যাচে রশিদের উইকেট এখন ৬৫১। তার বোলিং গড়- ১৮.৫৪ ও ইকোনমি রেট ৬.৫৭। সেরা বোলিং ১৭ রানে ৬ উইকেট। এরমধ্যে জাতীয় দলের হয়ে ৯৬ ম্যাচে ১৬১ উইকেট শিকার করেছেন ২০১৫ সালে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নামা রশিদ।
ফ্র্যাঞ্চাইজি লিগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি উইকেট আছে রশিদের। আইপিএলে ১৩৬ ম্যাচে ১৫৮ উইকেট আছে তার।
রশিদ ছাড়াও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬শ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন ব্রাভো।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে রশিদ ও ব্রাভো ছাড়াও আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও বাংলাদেশের সাকিব আল হাসান। এছাড়া ৫৫৪ ম্যচে নারাইন ৫৮৯, তাহির ৪৩৪ ম্যাচে ৫৪৭ উইকেট শিকার করেছেন।
এ তালিকায় পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে ৫শ উইকেট শিকারের তালিকা থেকে দুই উইকেট পেছনে তিনি। ২০০৬ সালে টি-টোয়েন্টি শুরু করা সাকিব ৪৫১ ম্যাচে ৪৯৮ উইকেট শিকার করেছেন। জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট দখল করেছেন সাকিব।
